ফেসবুকে খবর পড়ে ৮২.৫ শতাংশ শিক্ষার্থী

১০ আগষ্ট, ২০১৯ ১২:১৯  
দেশে ইন্টারনেট ব্যবহারকারী সবাই অনলাইন সামাজিক যোগযোগ মাধ্যমে সংযুক্ত। আর ইন্টারনেট ব্যবহারকারী শিক্ষার্থীদের মধ্যে ৮২.৫ শতাংশ সামাজিক মাধ্যমে সংবাদ পড়ে ও শেয়ার করে। শুধু ১২.৪ শতাংশ শিক্ষার্থী অনলাইন গণমাধ্যমের সংবাদকে বিশ্বাসযোগ্য মনে করে। অন্যদিকে অনলাইনে প্রাপ্ত সংবাদ পুনরায় যাচাই করে দেখে মাত্র ২৭.৯ শতাংশ শিক্ষার্থী । ‘প্রোমোটিং মিডিয়া লিটারেসি ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় বিদ্যালয় ও মাদ্রাসা পর্যায়ে গণমাধ্যম স্বাক্ষরতা যাচাই বিষয়ে গবেষণার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। দেশের ৮টি বিভাগের ২৪টি জেলার ১৬টি বিদ্যালয় ও ৮টি মাদ্রাসার (৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি) উপর এ জরিপ চালানো হয়, যেখানে অংশগ্রহণ করে ২৪ শতাংশ শিক্ষার্থী এবং ৪২ জন শিক্ষক ও অভিভাবক। সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) পরিচালিত জরিপ ফল অনুযায়ী, দেশে মোট শিক্ষার্থীর ৬১ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী ইন্টারনেটসহ মোবাইল ফোন ব্যবহার করেন। এর মধ্যে মাদ্রাসার শিক্ষার্থীর হার ৪৫.৪ শতাংশ ও বিদ্যালয়ের শিক্ষার্থীর হার ৬৯.২ শতাংশ।